বন্দরে কন্টেইনার ক্যারিয়ারে আগুন
চট্টগ্রাম বন্দরের তিন নম্বর জেটিতে আগুনে পুড়েছে কন্টেইনার বহনকারী যন্ত্র স্ট্র্যডেল ক্যারিয়ার।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাগা এ আগুনে যন্ত্রটির ইঞ্জিন বক্স পুড়ে গেছে বলে দমকল বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে দমকল বাহিনীর বিভাগীয় উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, জেটিতে থাকা একটি তুলার কন্টেইনারে আগুন লেগেছে।
তবে আগুন নেভানোর পর দমকল বাহিনী ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়নি।
দমকল বাহিনীর আগ্রাবাদ স্টেশনের অপারেটর ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন নম্বর জেটির স্ট্র্যডেল ক্যরিয়ারে আগুন লাগে। দুটি স্টেশনের পাঁচটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষণিকভাবে নিরূপণ সম্ভব হয়নি।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে স্ট্র্যডেল ক্যারিয়ারটিতে আগুন লাগে। দীর্ঘক্ষণ চলার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।
“আগুনে ক্যারিয়ারটি ছাড়া আর কিছুর ক্ষতি হয়নি। কেউ আহতও হয়নি।”
