২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষার্থীদের ‘নিরাপত্তায়’ থাকবে ছাত্রলীগও

বিএনপি জোটের অবরোধের মধ্যে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ‘নিরাপত্তায়’ আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দেবে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2015, 06:48 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

রাজনৈতিক অস্থিরতার মধ্যে ১৫ লাখ শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ এই পরীক্ষা শুরুর আগের দিন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে একথা জানান সংগঠনটির নেতারা।

লাগাতার অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল হরতালও আহ্বান করায় এবার নির্ধারিত ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হতে পারেনি।

২ ফেব্রুয়ারির পরীক্ষা পিছিয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নেওয়া হয়েছে। ওই দিন হরতাল না ডাকলেও অবরোধ অব্যাহত রেখেছে সরকাবিরোধী আন্দোলনকারী জোট।    

অবরোধ-হরতাল বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, “আগামীকাল এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে সরকারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেবে, যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের হামলার শিকার না হয়।”

গত ৫ জানুয়ারি থেকে টানা অবরোধে বিক্ষিপ্তভাবে গাড়িতে পেট্রোল বোমা ছোড়া ও অগ্নিসংযোগ চলছে। এতে এক মাসে অর্ধ শতাধিক মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই মারা গেছেন নাশকতার আগুনে পুড়ে।

এর মধ্যে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব ও বিজিবি টহলে থাকবে বলে জানিয়েছে।

পেট্রোল বোমা হামলাকারীদের ধরে পিটিয়ে পুলিশে দেওয়ার আহ্বানও জানান ছাত্রলীগ সভাপতি।

তিনি বলেন, “বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করছে, এই বোমাবাজদের ইতোমধ্যে গণধোলাই শুরু হয়েছে।

Image
এইচ এম বদিউজ্জামান সোহাগ

এইচ এম বদিউজ্জামান সোহাগ

“কয়েক জায়গায় পেট্রোল মারতে গিয়ে ছাত্রদলেরকর্মীদের জনতার পাশাপাশি ছাত্রলীগকর্মীরাও গণধোলাই দিয়েছে। ছাত্রলীগের কর্মীদের এই গণধোলাই কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান করছি।”

অবরোধ-হরতালের মধ্যে কয়েক দফায় ছাত্রধর্মঘট আহ্বানকারী ছাত্রদলকেও ‘গণধোলাই’ দেওয়ার ঘোষণা দেন সোহাগ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্লার সভাপতিত্বে এই সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর শরীফও বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী এনায়েত, দপ্তর সম্পাদক শেখ রাসেল ও উপ-আইন বিষয়ক সম্পাদক বিপ্লব হাসান পলাশ।

পুরনো খবর:

খালেদার কার্যালয় জ্বালিয়ে দেওয়ার হুমকি ছাত্রলীগ সম্পাদকের