ঢাকায় বিএনপি-জামায়াতের ৭৬ জন গ্রেপ্তার
রাজধানীতে নাশকতায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৭৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের ধরা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান।
হরতাল-অবরোধে গাড়ি ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপসহ বিভিন্ন ধরনের নাশকতায় এদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ পুলিশের।
গ্রেপ্তারদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা কেএম মজিবুর রহমান ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের নেতা মো. উজ্জ্বলের পরিচয় জানা গেছে।
বুধবার দুপুরে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় নাশকতার চেষ্টাকাছে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি হাতবোমা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
উজ্জ্বল হাজারীবাগের টালি অফিস ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৫ জানুয়ারি সারা দেশে অবরোধের ডাক দেওয়ার পর প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে।
৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধ এবং এর মধ্যে কয়েক দফায় ডাকা হরতালের মধ্যে সহিংসতায় এ পর্যন্ত অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই পেট্রোল বোমায় দগ্ধ হয়ে মারা যান।
মঙ্গলবার রাতেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। তার আগের দিন ধরা হয় ২১ নেতাকর্মীকে।
নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকার, পুলিশ ও র্যাবের পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে।
