মেঘনায় আরও ৩ জেলের লাশ উদ্ধার
ভোলার তজুমদ্দিনের মেঘনা নদী আরও তিন জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয় জেলেরই লাশ উদ্ধার করা হলো।
বুধবার বেলা ১১টার দিকে মেঘনার সোনার চর, বয়ার চর ও বাত্তির খাল এলাকা স্থানীয় জেলেরা এ লাশ উদ্ধার করেন।
এরা হলেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূলা গ্রামের বেলায়েত হোসেনের ছেলে শরীফ হোসেন (৪০), হাজীকান্দি গ্রামের নাছির মাঝির ছেলে সিরাজ (২০) ও একই বাড়ির শাজাহান পন্ডিতের ছেলে মো. রাজিব (২২)।
গত ২৯ জানুয়ারি মেঘনার সোমনার চর এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে ছয় জেলে নিখোঁজ হন।
কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো. খালিদ জানান, স্থানীয় জেলেদের কাছ থেকে লাশ উদ্ধারের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তা নিয়ে আসা হয়েছে।
তজুমদ্দিন থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর গত পাঁচ দিনে তিনটি ও বুধবার আরও তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের প্রতি পরিবারকে দাফন বাবদ তাৎক্ষণিক পাঁচ হাজার টাকা দেওয়া হয় এবং পরবর্তীতে আরও ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
