২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে আগুনে পুড়েছে ২৫ দোকান

বরিশালের আগৈলঝাড়ার একটি বাজারে অগ্নিকাণ্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে গেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 01:24 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আইনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলা বন্দর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গৌরনদী, উজিরপুর ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভানোর সময় মো. রাজু নামে পুলিশের এক এএসআই আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

আগুনে ২৫টির মতো দোকান পুড়েছে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

তবে বন্দর বাজার কমিটির সভাপতি আ. মালেক হাওলাদার বলেছেন, আগুনে ৩১টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আর আংশিক পুড়েছে আরও ২২টি দোকান।

অগ্নিনির্বাপক বাহিনীর কর্মকর্তা আইনুল জানান, ‘শাহাদাত গার্মেন্টস’ নামে একটি পোশাকের দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।