২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কোকোর মেয়েদের মতো ১৫ লাখের কথাও ভাবুন’

আরাফাত রহমান কোকোর দুই মেয়ে পরীক্ষা দিতে মালয়েশিয়ায় ফিরে যাওয়ায় তাদের প্রতি শুভকামনা জানিয়ে দেশের ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর বিষয়টিও খালেদা জিয়াকে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 06:59 PM

Updated : 22 Aug 2022, 11:37 AM

বিএনপি নেতৃত্বাধীন জোট তাদের ৭২ ঘণ্টা হরতালের মেয়াদ আরও ৩৬ ঘণ্টা বাড়ানোর পর বুধবারের নির্ধারিত এসএসসি পরীক্ষা পিছিয়ে দিয়ে শিক্ষামন্ত্রী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। 

খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি তাদের দুই মেয়ে জাফিয়া ও জাহিয়াকে নিয়ে সোমবার মালয়েশিয়ায় ফিরে যান। মুদ্রা পাচার মামলার সাজা মাথায় গত সাত বছর ধরে পরিবার নিয়ে সেখানেই থাকছিলেন কোকো।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়,জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় মায়ের সঙ্গে তারা মালয়েশিয়া চলে গেছে।

এ বিষয়টির উল্লেখ করে শিক্ষামন্ত্রী নাহিদ সাংবাদিকদের বলেন, “এতে আমরা খুবই খুশি হয়েছি, তারা পরীক্ষা দিক।

“অন্যের সুযোগ করে দেওয়ার জন্য যদি মনে এই জাগরণটা আসে... আমি আশা করি, ১৫ লাখ ছেলেমেয়ের জন্য এই চিন্তাটা আসতে পারে। এই আশাতেই আমরা আবেদন জানাচ্ছি।”

২০ দলীয় জোটের নেত্রী খালেদা জিয়ার প্রতি শিক্ষামন্ত্রীর আবেদন, “২০ দলের সকলের সহযোগিতা চাই। আপনারা সকলেই সাহায্য করেন যেন সকলেই নিরাপদে পরীক্ষা দিতে পারে।”

নাহিদ বলেন, “আমি মাননীয় খালেদা জিয়ার সহযোগিতা চাচ্ছি। তিনি ইন্সস্ট্রাকশন দেবেন যেন ছেলেমেয়েরা ভালমত পরীক্ষা দিতে পারে- ‘যে যেখানে আছ আমার দল ও ফ্রন্টের- তোমরা সহযোগিতা কর’।

“আমি আশা করি, তিনি এই আহ্বান জানাবেন যে- ‘পরীক্ষার দুইদিন তোমরা বিরক্ত করো না, আর বাকি দিনগুলোতও তোমরা পরীক্ষা দিতে দাও’।”

২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি জোট রোববার থেকে তিন দিনের হরতাল ডাকায় ওইদিনের পরীক্ষা পিছিয়ে শুক্রবার নেওয়া হয়। এরপর মঙ্গলবার হরতালের মেয়াদ বাড়ার ঘোষণা এলে বুধবারের পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় শনিবার। 

বিএনপি জোটের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, “আগের পরীক্ষার তারিখ পরিবর্তন করে আশা করেছিলাম আর হরতাল দেবেন না। সবার মধ্যেও সেই মনোভাব ছিল।... বিএনপি ও তাদের সহযোগীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এটা দুঃখজনক, জাতির জন্যও দুর্ভাগ্যজনক।”

হরতালের কর্মসূচি আর বাড়বে না- এমন আশা রেখে নাহিদ বলেন, “আমরা এখনো আশা রাখব মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আছে সেটা তারা বিবেচনা করে কর্মসূচি আর বাড়াবেন না। আশা করি বোরবার থেকে সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।”

খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “আমরা তো যুদ্ধে যাচ্ছি না। আমরা চাচ্ছি সমাজের সকলের সমর্থনে সকলেই পরীক্ষা দেবে। আমরা সেই আশার উপর ভরসা করে সকলের সহযোগিতা নিয়েই চলব।”

বিকালে সংসদ অধিবেশনে আওয়ামী লীগ সংসদ সদস্যরাও আরাফাতের মেয়েদের পরীক্ষা দিতে মালয়েশিয়ার যাওয়ার দিকে ইঙ্গিত করে এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ দেওয়ার সমালোচনা করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, “তার নাতনিকে পরীক্ষা দিতে বিদেশে পাঠালেন। আর সাধারণ মানুষ পরীক্ষা দিতে পারবে না?”

সাবেক মন্ত্রী হাছান মাহমুদ বলেন, “কোকোর মেয়ে পরীক্ষা দিতে মালয়েশিয়া গেছে। তিনি (খালেদা) যেহেতু মেট্রিক পাস করতে পারেননি, তাই মেট্রিক পরীক্ষার প্রতি তার এত ক্ষোভ।”

পুরনো খবর:

মেয়েদের নিয়ে মালয়েশিয়া ফিরে গেলেন কোকোর স্ত্রী
এসএসসি পরীক্ষা আরও পেছাল