চট্টগ্রামে হাতবোমায় নির্মাণ শ্রমিক আহত
বিরোধী জোটের অবরোধ ও হরতালের মধ্যে চট্টগ্রামের খুলশীতে হাতবোমা বিস্ফোরণে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
সোমবার রাত ৯টার দিকে জাকির হোসেন সড়কের ফয়’স লেকের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
এতে আহত মো. সালাম (৩০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খুলশী থানার এসআই মিনহাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। একজন আহত হয়েছে বলে জানতে পেরেছি।
“ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে।”
হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক শীলাব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহত রাজমিন্ত্রী সালামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ডান পায়ে ককটেলের আঘাত আছে।
