২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ ঘণ্টা পর খুলল চট্টগ্রামের রেলপথ

অবরোধে নাশকতার জেরে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2015, 04:22 PM

Updated : 12 Oct 2022, 03:14 PM

পুরনো খবর:

নাশকতার পর চট্টগ্রামের ৫ ট্রেনের যাত্রা বাতিল

সোমবার দুপুর আড়াইটার দিকে মিরসরাই এর বড় তাকিয়া এলাকায় রেল লাইন থেকে ময়মনসিংহ এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে একটি ‍লাইন চলাচলের উপযোগী করা হয়।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা নিশীথা কিছুক্ষণ পর ওই এলাকা পার হয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

রেল লাইনের প্যান্ড্রোল ক্লিপ ক্লিপ খুলে ফেলায় সোমবার ভোর সাড়ে ৩টার দিকে বড় তাকিয়া এলাকায় লাইনচ্যুত হয় ময়মনসিংহ এক্সপ্রেস।

লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি পাশের লাইনের ওপর কাত হয়ে পড়ায় দুটি রেল লাইনই আটকে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ দুর্ঘটনার কারণে সীতাকুণ্ড এলাকায় আটকা পড়ে রোববার রাতে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা তূর্না নিশীথা। দুর্ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকা ও চাঁদপুরগামী মোট পাঁচটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। 

এই ট্রেনগুলো হলো ঢাকাগামী মহানগর প্রভাতি, সুর্বণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, কর্ণফুলী এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেল লাইনের প্রায় ১২৬ ফুট দীর্ঘ অংশ থেকে ১২০টি প্যান্ড্রোল ক্লিপ খুলে ফেলার কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের চালকসহ পাঁচজন সামান্য আহত হন।

পরে চট্টগ্রাম ও লাকসাম থেকে দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগি সরিয়ে একটি লাইন চলাচলের উপযোগী করে।

বড় তাকিয়ার ঘটনা তদন্তে রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখারকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করেছে রেল কর্তৃপক্ষ।

এদিকে অবরোধের মধ্যে ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সোমবার সকালে চট্টগ্রাম রেল স্টেশনে শত শত যাত্রী ও তাদের স্বজনদের অপেক্ষায় থাকতে দেখা যায়।

বিএনপি নেতৃত্বাধীন জোটের লাগাতার অবরোধের মধ্যে প্রতিদিনই যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পাশাপাশি রেলপথের ফিসপ্লেট খুলে ফেলা, ট্রেনে পেট্রোল বোমা ছোড়ার বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। এই নাশকতাকারীদের ধরিয়ে দেওয়ার জন্য রোববার রেলওয়ের পক্ষ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।