কাফকো ইউনিয়নের সভাপতি ওসমান, সম্পাদক মঈন
কাফকো কর্মচারী ইউনিয়নের নির্বাচনে আবু হায়দার মো. ওসমান গণি সভাপতি ও মো. মঈন উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার কর্ণফুলী ফার্টিলাইজার লিমিটেডের (কাফকো) চট্টগ্রামের রাঙ্গাদিয়া ও ঢাকা কর্পোরেট অফিসে দিনব্যাপী ভোট নেওয়া হয়।
নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান ওয়ায়েজ হোসেন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইউনিয়নের ২৯৯ জন ভোটারের মধ্যে ২৮৫ জন ভোট দেন।
নির্বাচনে দপ্তর, শিক্ষা ও সংস্কৃতি, ক্রীড়া এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক ছাড়া অন্যসব পদে দুজন করে প্রার্থী ছিল বলে জানান তিনি।
নির্বাচনে সহ-সভাপতি পদে মো. রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হালিম, কোষাধ্যক্ষ আবু সৈয়দ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে অজিত কুমার নাথ নির্বাচিত হয়েছেন।
এছাড়া দপ্তর, শিক্ষা ও সংস্কৃতি, ক্রীড়া এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে যথাক্রমে মো. আকতারুজ্জামান, মো. সুরুজ মিয়া, মফিজুর রহমান ও নজরুল ইলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
