গাজীপুরে বাস উল্টে হেলপার নিহত, আহত ৫
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাস উল্টে চালকের সহকারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত পাঁচ যাত্রী।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে মাওনা উত্তর পাড়া (নয়নপুর) এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি সানোয়ার হোসেন জানান।
নিহতের বয়স আনুমানিক ২৭ বছর, তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহতদের নয়নপুর, জৈনা বাজার এবং মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত পাঁচ জনের মধ্যে একজনের নাম আমিনুল ইসলাম, তার বাড়ি শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামে। তবে বাকিদের পরিচয় জানা যায়নি।
বাসটি জয়দেবপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের ভালুকায় যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি সানোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার সড়কদ্বীপে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালকের সহকারীর মৃত্যু হয়।
চালক বাসটি রেখেই পালিয়ে যায় বলে জানান তিনি।
