২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ড তদন্তে ২ কমিটি

গাজীপুরের কোনাবাড়ি বিসিক শিল্প এলাকায়  একটি সূতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল পরিমাণ সুতা, মেশিনপত্র ও রাসায়নিক কাঁচামাল পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 09:20 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

শনিবার সকালে ওই এলাকার কাদের সিনথেটিক অ্যান্ড কমপেক্ট স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় সাড়ে সাত ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

এ দিকে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়া আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, শনিবার সকাল সোয়া ৭টার দিকে কোনাবাড়ি বিসিক শিল্প এলাকায় কাদের সিনথেটিক অ্যান্ড কমপেক্ট স্পিনিং সেকশনের দোতলা ভবনের নিচ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই ভবনের টিনশেড দুতলাতেও আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টঙ্গী, কালিয়াকৈর, ইপিজেড ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। পরে প্রায় সাড়ে সাত ঘণ্টা পর বেলা পৌনে ২টায়  আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে পুড়ে যায় ওই কারখানার কাপড়, সুতো ও মেশিনপত্র।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানান তিনি।

কারখানার সিকিউরিটি সুপাইভাইজার স্বপন বিশ্বাস বলেন, সকালে কারখানায় লোকজন আসতে শুরু করলে নিচতলার এসি নিয়ন্ত্রণ কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ভেতরের লোকজন দ্রুত কারখানা থেকে বেরিয়ে আসেন। এ কারণে কারখানার ভেতরে ওই সেকশনে কেউ হতাহত হয়নি।

আগুন লাগার খবরে শত শত উৎসুক জনতা ভিড় জমায় কারখানার মূল ফটকে। অনেকেই স্বেচ্ছাসেবক হিসেবে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

জনতার ভিড় সামলে আগুন নেভানোর কাজে সহায়তায় কাজ করে পুলিশ।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, আগুনের ভয়াবহতা বেশি তাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তার জন্য পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিপুল সংখ্যক জনতার ভিড়ে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় সেদিকেও লক্ষ্য রাখা হয়।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) শাকিল নেওয়াজ বলেন, আগুন লাগার কারণ এ মুহূর্তে বলা যাচ্ছে না। কমিটি গঠন করে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে বলা যাবে।

এদিকে বেলা দেড়টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে বলেও তিনি জানান।

এছাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও আলাদা একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন ।