২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাসে বোমা হামলা: আরও ২ মামলা

অবরোধ চলাকালে রাজশাহীর তানোর ও পবায় দুটি যাত্রীবাহি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 08:28 PM

Updated : 12 Oct 2022, 03:12 PM

তানোর থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে বিএনপি-জামায়াতের অর্ধশত নেতাকর্মীকে আসামি করে বাসচালক নজরুল ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন।

মামলায় উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমানসহ ১৬ জন বিএনপি জামায়াত নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০-১২ জন আসামি করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে অমি সরকার (২৩) নামের এক ছাত্রদল কর্মীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

পবা থানার ওসি মতিয়ার রহমান বলেন, দুপুর ২টার দিকে এসআই রুহুল আমিন বাদি হয়ে একটি মামলা করেন। পেট্রোল বোমা ছোড়ার সময় হাতেনাতে আটক উপজেলা শিবির সভাপতি মশিউর রহমান ও শিবিরকর্মী আওয়ালসহ ১৩ জনের নাম মামলায় উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে নগরীর কাজলা ও কাপাশিয়া এলাকায় একটি বাস ও দুটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায়ও মামলার প্রক্রিয়া চলছে বলে জানান মতিহার থানার ওসি আলমগীর হোসেন।

বৃহস্পতিবার রাতে তানোর ও পবার তেঘর দুটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এতে শিশু ও নারীসহ ৯ জন দগ্ধ হন।