২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয় মুখে প্রজন্ম লীগের মিছিল

নাশকতার জন্য অবরোধ আহ্বানকারী খালেদা জিয়াকে দায়ী করে এই কর্মসূচি প্রত্যাহারের দাবিতে তার কার্যালয়মুখে মিছিল করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2015, 03:16 PM

Updated : 22 Aug 2022, 11:32 AM

শনিবার দুপুরে মিছিল নিয়ে তারা গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ের দিকে রওনা দেয়, যেখানে গত ৩ জানুয়ারি থেকে অবস্থান করছেন তিনি।

গুলশান দুই নম্বর চত্বরে পুলিশ প্রজন্ম লীগের মিছিলে বাধা দিলে সেখানে সমাবেশ করে ৪৮ ঘণ্টার মধ্যে খালেদাকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, “দেশে সহিংসতা সৃষ্টির হুকুমের আসামি হিসেবে খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে হবে। নইলে দেশে শান্তি আসবে না।”

৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়া অবরোধ তুলে নেওয়ার ঘোষণা না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি।

গুলশান দুই নম্বরে এক ঘণ্টা বিক্ষোভ-সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির ইতি টানে প্রজন্ম লীগ। 

এর আগে গত বৃস্পতিবার গুলশান দুই নম্বর মোড়ে অবস্থান নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ অবরোধ তুলে নেওয়ার জন্য খালেদাকে ২৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিল।

অবরোধের মধ্যে শনিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দল রোববার সকাল থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে।