চট্টগ্রামে আগুন পুড়ল তিন বসতঘর
বন্দরনগরী চট্টগ্রামের পাহাড়তলীতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।
আগুনে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কণা চক্রবর্তী জানান, শনিবার সকাল ১০টার দিকে পাহাড়তলী থানার লোহারপুল এলাকার সরাইপাড়ায় এ আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিনির্বাপক কর্মকর্তা বলেন, চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আগুনে তিন বসতঘরের সব মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে তিনি জানান।
