২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতে বাংলা চালু বাধ্যতামূলক করতে সংসদে বিল

আদালতের কার্যক্রমে বাধ্যতামূলকভাবে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বিদ্যমান আইন সংশোধনের প্রস্তাব সংসদে উঠেছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 08:20 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার ‘বাংলা ভাষা প্রচলন (সংশোধন) বিল- ২০১৪’ শিরোনামে একটি বেসরকারি বিল সংসদে উত্থাপন করেন স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজী।

বিলটি পরে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

মন্ত্রী ছাড়া অন্য যে কোনো সংসদ সদস্যকে ‘বেসরকারি সদস্য’ বলা হয়।

বিদ্যমান আইনে নতুন ধারা যুক্ত করার প্রস্তাব করে খসড়া আইনে বলা হয়েছে, “অন্য কোনো আইনে বা আদালতের রায়, ডিক্রি বা আদেশে যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে।”

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ফরাজী বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানাবলী পূর্ণরূপে কার্যকর করা এবং বাংলা ভাষার ব্যাপক ব্যবহার ও প্রচলনের উদ্দেশ্যে ১৯৮৭ সালের মার্চ মাসে বাংলা ভাষা প্রচলন আইন সংসদে পাস করা হলেও দেশের কোর্ট কাচারিতে বিভিন্ন মামলাল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার হচ্ছে না।

“ফলে দেশের পল্লী এলাকা তথা গ্রামীণ এলাকার অশিক্ষিত জনগণ মামলার রায় বুঝতে রায় পেরে নানাভাবে প্রতারিত হচ্ছে। বাংলা ভাষা প্রচলন আইন- ১৯৮৭ এ প্রস্তাবিত সংশোধনী আনা হলে বাধ্যতামূলকভাবে দেশের সকল আদালতের কার্যাবলী বাংলায় সম্পন্ন করতে হবে। এর ফলে মামলাকারী জনগণ অনায়াসেই আদালতের রায়ের মর্মার্থ উপলব্ধি করতে পারবে।”

গত বছরের ফেব্রুয়ারি মাসে দূতাবাস ও বিদেশি প্রতিষ্ঠান ছাড়া দেশের সব সাইন বোর্ড, ইলেকট্রনিক গণমাধ্যমে সম্প্রচারিত বিজ্ঞাপন, নাম ফলক ও গাড়ির নম্বর প্লেট বাংলায় লেখার নির্দেশ দেয় হাই কোর্ট।