২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে তেল দূষণ নিয়ে যৌথসভা করবে দুই সংসদীয় কমিটি

সুন্দরবনে তেল দূষণ এবং পরিবেশগত বিপর্যয় নিয়ে যৌথ সভা করবে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই যৌথসভায় দুই মন্ত্রণালয়ের মন্ত্রী-সচিবসহ কর্মকর্তরা উপস্থিত থাকবেন।

গত ৮ ডিসেম্বর সুন্দরবনের শেলা নদীতে তেলবাহী জাহাজডুবির ফলে সাড়ে তিন লাখ লিটার ফার্নেস অয়েল সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়ে। এরপর শেলা নদীতে সাময়িকভাবে নৌ চলাচল নিষিদ্ধ করা হয়।

পরে ৭ জানুয়ারি শেলা নদীতে পুনরায় নৌচলাচলের অনুমিত দেওয়া হয়।

গত ১৮ জানুয়ারি এ বিষয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ক্ষোভ প্রকাশ করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা দাবি করে।

এরপরই নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে যৌথসভার সিদ্ধান্ত হয়।

কমিটির সদস্য এম এ লতিফ সাংবাদিকদের বলেন, “পরিবেশ বিপর্যয় নিয়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দুই সংসদীয় কমিটি যৌথসভা করবে।”

সংসদীয় কমিটির বৈঠকে জানানো হয়েছে, শেলা নদীর বিকল্প হিসেবে মংলা-ঘষিয়াখালী নৌপথ জুনের মধ্যে চালু হচ্ছে। ইতোমধ্যে এই নৌপথের ২৫ শতাংশ খনন কাজ শেষ হয়েছে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

লতিফ বলেন, “বিআইডব্লিউটিএ বলেছে জুনের মধ্যে ঘষিয়াখালী-মাংলা নৌ-পথের খনন কাজ শেষ হবে। তার আগেই সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করতে হবে এবং সুন্দরবন যে বিশ্ব ঐতিহ্যের অংশ সে জাহাজ মালিক ও চালকদের ধারণা দিতে হবে। তারপর নৌপথটি চালু করতে হবে।”

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী লিখিতভাবে শেলা নদীতে পুনরায় নৌ-চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রফিকুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তিনি জানতে চেয়েছেন, মন্ত্রণালয় ভাষ্য অনুযায়ী নিয়ন্ত্রিতভাবে নৌচলাচল করলেও নিয়ন্ত্রণ এবং তা পর্যবেক্ষণের উপায় কী? পর্যবেক্ষণ ও পরিদর্শনের জন্য প্রয়োজনীয় জনবল আছে কি না। সুন্দরবনের শেলা নদীতে ডুবে যাওয়া জাহাজটির তেল পরিবহনের যোগ্যতা ছিল কি না। মংলা-ঘষিয়াখালী নৌপথ চালু হলে শেলা নদীতে নৌচলাচল স্থায়ীভাবে বন্ধ হবে কি না।

সংসদীয় কমিটি এই চিঠির বিষয়ে বিআইডব্লিউটিএকে কমিটির আগামী বৈঠকে লিখিত জবাব দিতে বলেছে।

লতিফ জানান, বিআইডব্লিউটিএ-এর তথ্যানুযায়ী দেশে বর্তমানে ১০ হাজারের মতো নৌযান রয়েছে। এরজন্য পরিদর্শক মাত্র চারজন। প্রয়োজনীয় পরিদর্শক না থাকার কারণেই চলাচলের অযোগ্য জাহাজ নৌপথে চলছে। কমিটি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সংখ্যক পরিদর্শক নিয়োগ দিতে বলেছে।  

রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, আবদুল হাই, নুরুল ইসলাম (সুজন),আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম অংশ নেন।