রাঙ্গুনিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চন্দ্রঘোনা লিচু বাগান বনগ্রাম এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু মনসুরের ওপর এই হামলা হয়।
রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ অলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে স্থানীয় কাঞ্চন চৌধুরী নামের এক ব্যক্তির সঙ্গে আবু মনসুরের বিরোধ আছে। সকালেও এ নিয়ে দুই পক্ষে সমস্যা হয়।
“সকালের ঘটনার জেরে রাতে আবার দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আবু মনসুর ধারালো অস্ত্রের আঘাতে হয়েছেন। অন্য পক্ষেরও একজন আহত আছেন।“
উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম বেদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনগ্রাম এলাকায় চার-পাঁচজনসহ আবু মনসুর বসে ছিলেন। এসময় ৩০-৪০ জন লোক এসে হামলা করে।
মনসুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।
