ট্যাংকার উল্টে গৃহবধূ নিহত, বিমানের তেল রাস্তায়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় বিমানের জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার উল্টে এক পথচারী গৃহবধূ নিহত হয়েছেন, আহত হন শিশুসহ দুই জন।
মঙ্গলবার সকালে মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় নয় হাজার লিটার ‘জেট ফুয়েলের’ পুরোটাই পড়ে গেছে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
নিহত আমুদি বেগম (৩০) সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার আবু বক্করের স্ত্রী।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের পরিচয় জানা যায়নি।
ট্যাঙ্কারটি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ‘পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের’ একটি ডিপো থেকে নয় হাজার লিটার জেট ফুয়েল নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলা অবস্থায় ট্যাঙ্কারটির সামনের চাকা খুলে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তা রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ভেতরে থাকা সব তেল রাস্তায় পড়ে যায়।
ওই সময় ট্যাঙ্কারের ধাক্কায় পথচারী আমুদি বেগম ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপরই চালক ও তার সহকারী পালিয়ে গেছেন, ট্যাঙ্কারটি সরিয়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
