২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূপ খুঁড়তে গিয়ে মাটিচাপা, লাশ উদ্ধার ৫ ঘণ্টা পর

গাজীপুরের শ্রীপুর পৌরসভায় গভীর নলকূপের জন্য কূপ খননের সময় ৩০ ফুট গভীরে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 12:30 PM

Updated : 12 Oct 2022, 03:11 PM

নিহত সাইদুল ইসলাম (২৮) জামালপুর সদর উপজেলার রনরামপুর গ্রামের আব্দুর রশীদের ছেলে।

শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তাসারফ হোসেন জানান, শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (প্রশিকা মোড়) এলাকায় জালাল উদ্দিনের বাড়িতে নলকূপের কাজ করতে গিয়ে সাইদুল মাটি চাপা পড়েন।    

ফায়ার সার্ভিসের কর্মীরা পাঁচ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ৯ টার দিকে মাটি সরিয়ে তার লাশ উদ্ধার করে।

তাসারফ হোসেন জানান, ওই বাড়িতে সাবমর্সিবল টিউবওয়েলের মোটর বসানোর জন্য দেড় ফুট ব্যাসের একটি কূপ খুড়ছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় ওপরের অংশ থেকে মাটি ধসে প্রায় ৩০ ফুট নিচে চাপা পড়েন সাইদুল।

বাড়ির মালিক জালাল উদ্দিন ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে তারা এসে কাজ শুরু করে। ওই গর্তের পাশে আরেকটি গর্ত করে সাইদুলকে খুঁজে পেতে অনেক সময় লেগে যায়।

সাইদুল দুই হাজার টাকার চুক্তিতে ওই কূপ খুঁড়ে দেওয়ার কাজ নিয়েছিলেন বলে অন্য শ্রমিকরা জানান।

শ্রীপুর থানার ওসি মো. মোহসীনুল কাদির জানান, শনিবার রাতে লাশের সুরুতহাল করার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

শ্রীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান শনিবারই ঘটনাস্থল পরিদর্শন করেন।