২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধকারীদের মারধরে ৩ অটোরিকশা চালক আহত

সিরাজগঞ্জ সদর উপজেলায় বিএনপি-জামায়াত সমর্থক অবরোধকারীদের ছোড়া ঢিল ও মারধরে তিন অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন। এ সময় ভাংচুর করা হয়েছে তাদের অটোরিকশাও।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 04:16 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

আহত আজাদ রহমান, সরোয়ার হোসেন ও আব্দুর রশিদকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এরা তিনজনই উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বাসিন্দা।

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শিয়ালকোল বাজারের কাছে এ ঘটনা ঘটে।

তিনি বলেন, “রাতে তিন চালক অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে শিয়ালকোল বাজারের কাছে অবরোধকারীরা তাদের লক্ষ্য ঢিল ছুড়লে তিনজনই আহত হন। এ সময় দুর্বৃত্তরা তাদের মারধর এবং অটোরিকশা ভাংচুর করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।”

এদিকে নাশকতা ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে সিরাজগঞ্জের সলঙ্গা থানা জামায়াতের নায়েবে আমিরসহ বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও সলঙ্গায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ওই ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সলঙ্গা থানা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর মোল্লা ও কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান রয়েছেন।

এদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে গোয়েন্দা পরিদর্শক নাসির জানান।