২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজ মাহফিল নিয়ে রাঙ্গুনিয়ায় ওয়াহাবি-সুন্নি উত্তেজনা

ওয়াজ মাহফিল নিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ওয়াহাবি ও সুন্নি মতাবলম্বীদের মধ্যে উত্তেজনার পর বিক্ষোভ এবং রাস্তা আটকে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 01:44 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

শুক্রবার রাতে ওই ঘটনার পর শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশের সঙ্গে বিজিবি ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে রাঙ্গুনিয়া থানার ওসি ওয়ালিউল্লাহ অলি জানান, ওয়াহাবি অধ্যুষিত ওই এলাকার সুন্নী মতাবলম্বী লোকজন শুক্রবার রাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ মাহফিলের আয়োজন করে।

“ওয়াজ চলাকালে একজন মাওলানার দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠে ওয়াহাবি সম্প্রদায়ের লোকজন। এক পর্যায়ে ওয়াহাবিরা ওয়াজের মঞ্চ ভাংচুর করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

“হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ সুন্নি সম্প্রদায়ের লোকজন সড়কে নেমে গোডাউন গেইট এলাকায় কয়েকটি দোকান ভাংচুর করে। পরে ওয়াহাবিরাও রাস্তায় নামলে উত্তেজনা চরমে উঠে।”

রাতেই উপজেলার রহমানিয়া মাদ্রাসায় একটি প্রাইভেটকারে আগুন দেয়ার ঘটনা ঘটে বলে

জানান ওসি।

এছাড়া গভীর রাতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় দুই পক্ষ।

এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি ও র‌্যাব টহল দিচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।