২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল সবচেয়ে বড়, অ্যাম্বুলেন্স মাত্র চারটি

রাষ্ট্রের ব্যবস্থাপনায় দেশের যে হাসপাতালে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন, জরুরি সেবা দিতে সেখানে অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র চারটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসিবা আলী বর্ণা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2015, 08:33 AM

Updated : 22 Aug 2022, 02:56 PM

এই চিত্র দেশের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। ১৯৪৬ সালে যাত্রা শুরুর পর সেবার কলেবর বহুগুণে বাড়লেও প্রায় সাত দশকে অ্যম্বুলেন্সের সংখ্যা তিন থেকে বেড়ে চারটি হয়েছে। 

অবশ্য এই চারটি অ্যাম্বুলেন্সও রোগীর প্রয়োজনে লাগছে না। খোঁজ করতে গিয়ে জানা গেল, এসব বাহন ব্যবহার করা হচ্ছে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজে।

সরকারি এ হাসপাতালে অ্যাম্বুলেন্স সেবা পুরোটাই তাই নির্ভর করছে বেসরকারি খাতের ওপর। আর যে চারটি অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলোর কোনোটিতেই মারাত্মক অসুস্থ  বা আহতদের জন্য আধুনিক যন্ত্রপাতি, কারডিয়াক মনিটর বা আইসিইউ সুবিধা নেই।

অথচ ২৬ শ’ শয্যার এ হাসপাতালে কেবল জরুরি বিভাগেই প্রতিদিন গড়ে আটশ রোগী চিকিৎসা নিতে আসেন।

অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়ানো প্রয়োজন কি না- এমন প্রশ্নে হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) ডা. এ এস এম শহিদুল্লাহ বলেন, “গত তিন বছর ধরে এই চারটি অ্যাম্বুলেন্সই রয়েছে। আরও একটি অ্যাম্বুলেন্স স্ট্যান্ডবাই রাখা হয়। আরও চারটি অ্যাম্বুলেন্স হলে ভাল হতো।”

 

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালেও জরুরি সেবার জন্য ১৮টি অ্যাম্বুলেন্স রয়েছে। বেসকারি বিভিন্ন হাসপাতাল নিজেদের রোগী পরিবহনের পাশাপাশি যে কোনো স্থানে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স ভাড়াও দিচ্ছে। অথচ ঢাকা মেডিকেলের জন্য অ্যাম্বুলেন্স বাড়ানোর কার্যকর কোনো উদ্যোগ এ পর্যন্ত কর্তৃপক্ষ নেয়নি।   

অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়াতে পরিকল্পনার কথা বললেও এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে কোনো প্রস্তাব পাঠানো হয়নি- তা স্বীকার করেন উপপরিচালক শহিদুল্লাহ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রোগী পরিবহন ছাড়া শুধুমাত্র ইর্মাজেন্সি কলে এবং গভীর রাত বা বিশেষ পরিস্থিতিতে অন্য ট্রান্সর্পোট সুবিধা না থাকলে ডাক্তার আনার কাজেই হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়।’’

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রতিদিনি হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাদের আনা-নেওয়ার কাজেই ব্যবহার করা হচ্ছে অ্যাম্বুলেন্স চারটি।

সকাল সাড়ে ৮টায় হাসপাতালে এনে দুপুর আড়াইটায় অফিস ছুটির পর এসব অ্যাম্বুলেন্সে করেই তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। নির্ধারিত কয়েকজন কর্মকর্তাই  নিয়মিত এ সুবিধা পান।

অ্যাম্বুলেন্সের চালকদের তত্ত্ববধানের দায়িত্বে আছেন মো. নাসিরউদ্দিন নান্নু নামে হাসপাতালের এক কর্মচারী।

তিনি জানান, হাসপাতালের অ্যাম্বুলেন্সে তিনশ টাকায় ঢাকা শহরের ভেতরে রোগী পরিবহন করার নিয়ম। এর বাইরে গেলে প্রতি কিলোমিটারে যোগ হয় ১০ টাকা করে। তিন শিফটে ছয়জন চালক অ্যাম্বুলেন্সগুলো চালান।

নান্নু বলেন, রোগী পরিবহন করে খুব কম টাকা পাওয়া যায়। অনেক ক্ষেত্রে রোগী টাকা শোধ করে না বলে অপরিচিতদের অ্যাম্বুলেন্স পাঠাতে চান না তারা। তবে পরিচিত কেউ অনুরোধ করলে আর অ্যাম্বুলেন্স ‘ফ্রি থাকলে’ পাঠানো হয়।

 

অন্যদিকে সরকারি অ্যাম্বুলেন্স সুবিধা না থাকায় কয়েকগুণ বেশি টাকা দিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স ব্যবহার করে জরুরী রোগীদের হাসপাতালে আনতে হয় স্বজনদের। অনেকের পক্ষে এতো টাকা খরচ করা সম্ভব হয় না বলে অটোরিকশায় করে হাসপাতালে রোগীকে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে রোগীকে নামানোর জন্য ট্রলির অপেক্ষায় থাকতে দেখা গেল আলী হোসেন নামের মধ্যবয়সী এক ব্যক্তিকে। তিনি সাড়ে তিন হাজার টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্সে টাঙ্গাইল থেকে রোগী নিয়ে এসেছেন।

তিনি বলেন, “টাকা বেশি নিলেও... এখন মনে করেন আমাগো কোনো উপায় নাই। সরকারি কোনো ইয়ে আমরা পাই নাই। এখন জান বাঁচানো ফরজ..রোগী বাঁচানো দরকার।”

ঢাকার ইসলামবাগ থেকে ৬০০ টাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্সে করে এক রোগীকে নিয়ে আসতে দেখা গেল স্বজনদের।

রোগীর সঙ্গে থাকা একজন বললেন, “গরীবের লাইগা একা সরকারই তো আছে। এইভাবে আমরা যদি এখানে ওখানে টেকা দেই তাইলে আমরা গরীব মানুষ কই যামু কন? সবসময় হাতে টাকাও থাকে না।বিপদ তো আর মনে করেন কইয়ে আসে না।”

তিনি বলেন, অ্যাম্বুলেন্সের জন্য মেডিকেলে যোগাযোগ করলে পাওয়া যায় না। অনেক সময় থাকে না, থাকলেও বলে ‘নাই’।

ঢাকা মেডিকেলের সরকারি অ্যাম্বুলেন্সগুলো হাসপাতাল চত্বরে অলস সময় পার করলেও বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো দিন-রাত রোগী পরিবহনে ব্যস্ত।

হাসপাতালের প্রধান ফটকের বাইরে অন্তত ৫০টি ব্যক্তি মালিকানাধীন অ্যাম্বুলেন্স সবসময়ই রোগীর অপেক্ষায় থাকে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাসপাতালের উপ পরিচালক (প্রশাসন)এ এস এম শহিদুল্লাহ বলেন, “এ হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহারে রোগীদের তেমন চাহিদা নেই। তারা দ্রুত হাসপাতালে পৌঁছাতে প্রাইভেট ব্যবস্থাপনায় পরিচালিত অ্যাম্বুলেন্স ব্যবহার করতে স্বচ্ছন্দ বোধ করেন।”

</div>  </p><p> <div class="embed"> <iframe height="315" src="https://www.youtube.com/embed/yIZn1qzztKY" width="640"/> </div>  </p>