২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রাষ্ট্রের ব্যর্থ হওয়া’ ঠেকাতে সংলাপ দরকার: এমাজউদ্দীন

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে সংকট সমাধানে সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 02:52 PM

Updated : 25 Apr 2022, 12:54 PM

বর্তমানের সহিংস পরিস্থিতি চলতে থাকলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রের দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের এই পরামর্শক।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এমাজউদ্দীন আহমদ বলেন, “বাংলাদেশে বিষাক্ত রাজনীতি চালু হয়েছে। সে কারণে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করছে না। র‌্যাব, পুলিশ অপরাধ দমনের পরিবর্তে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে নেমেছে।”

বর্তমানে বাংলাদেশ ‘গায়ের জোরে চলছে’ মন্তব্য করে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলেন, “এভাবে চললে রাষ্ট্র বেশি দিন টেকে না। বাংলাদেশ এখনো ব্যর্থ রাষ্ট্র হয়নি বটে, তবে তেমনটি হতে সময় লাগবে না।”

এমাজউদ্দীন বলেন, “মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, গণতান্ত্রিক সরকার ব্যবস্থা মুক্তিযুদ্ধের মূল চেতনা হয়ে থাকলে, তা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে হবে। সে আলোচনা অবশ্যই নির্বাচন নিয়ে হবে।”

বিজিবি মহাপরিচালকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বিজিবি প্রধানের কথা গ্রহণযোগ্য নয়। তিনি জনগণের ওপর গুলি চালানোর ঘোষণা দিতে পারেন না। অপরাধীকে ধরা তার কাজ।”

দেশজুড়ে চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকা বিজিবি সদস্যরা সাধারণ মানুষের জীবন বাঁচাতে কোনো বোমাবাজকে গুলি করতে কুণ্ঠিত হবে না বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন বাহিনীটির পরিচালক।

বিজিবি প্রধানের ওই বক্তব্য ‘আইন পরিপন্থি’বলে তার সমালোচনা করেছে বিএনপি।

আলোচনা সভায় বিএনপিপন্থি সাংবাদিক নেতা শওকত মাহমুদ বলেন, “খালেদা জিয়া সরকারকে হয় সংলাপ, না হয় গণঅভ্যুত্থান মোকাবেলা করার চ্যালেঞ্জ দিয়েছিলেন।

“তিনি যখন সাত দফা দাবি তুলে ধরে সরকারকে সংলাপের আহ্বান জানালেন, তাদের (আওয়ামী লীগের) পক্ষ থেকে সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করা হল।”

সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকারই বিএনপিকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়ার এই উপদেষ্টা।

বিজিবি মহাপরিচালকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “তারা সীমান্তে নিরাপত্তা দিতে ব্যর্থ। এভাবে গুলি চালানোর অধিকার তাদেরকে কে দিয়েছে?”

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা সাংবাদিকদের ভয়ের রাজ্যে বসবাসের একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। বিচারে হয়তো সরকার সংশ্লিষ্ট কারো নাম বেরিয়ে আসবে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, “ব্রিটিশ শাসন থেকে মুক্তি পাওয়ার পর ভারত জাতিগঠনে অনেকটা সফল হয়েছে। পাকিস্তান জাতিগত পরিচয় নির্ধারণের প্রশ্নেই ভেঙে পড়েছিল।

“বাংলাদেশ গঠনের পর আমরা এখনো জাতি গঠন করতে পারিনি, রাষ্ট্রগঠনও করতে পারিনি। এসব বিষয় সমাধানের জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।”

সেন্টার ফর ন্যাশনালিজম স্ট্যাডিজ ‘জাতিগঠনের অন্তরায় উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে জ্যেষ্ঠ সাংবাদিক সাদেক খান, সাবেক সেনা কর্মকর্তা জেড আরএম আশরাফ উদ্দিন আলোচনায় অংশ নেন।