২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর নিরাপত্তায় ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় টঙ্গীর তুরাগ তীরে  মুসলমানদের অন্যতম বৃহৎ সম্মিলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2015, 11:34 AM

Updated : 12 Oct 2022, 03:11 PM

দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুক্রবার ফজরের নামাজের পর থেকে ভারতের মাওলানা মো. ইসমাইল হোসেনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব।

মুসল্লিদের ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ইজতেমা প্রাঙ্গণ।  

উর্দুতে দেওয়া মূল বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মো. নুরুর রহমান। পাশাপাশি বিভিন্ন ভাষায় তা তরজমা করা হচ্ছে।

বৃহস্পতিবার আসরের পর থেকেই ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে ঈমান, আমল ও আখলাকের প্রাকবয়ান শুরু হয়।

তিন দিনের এ আয়োজনের প্রথম দিন শুক্রবার সেখানে জুমার নামাজে অংশ নেবেন মুসল্লিরা।

আগামী রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

মুসল্লিদের নিরাপত্তা দিতে পুলিশ, আনসার ও র‌্যাব সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন।

এছাড়াও সার্বক্ষণিক সেবায় নিয়েজিত আছেন ইজতেমার নিজস্ব তাবলীগী স্বেচ্ছাসেবকরা।

আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেলেও ইজতেমার বাকি আয়োজনে অংশ নিতে ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি ও নৌযানে চড়ে এখনো মুসল্লিরা আসছেন ইজতেমা মাঠে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিদের আগমন অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন দেশের কয়েক হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন।

মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ২০১১ সাল থেকে টঙ্গীতে দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে।

এবছর মাঠে জেলাওয়ারি মুসল্লিদের অবস্থানের জন্য পুরো ময়দানকে ৩৯টি খিত্তায় ভাগ করা হয়েছে। ৩৪টি জেলাওয়ারি জামাতবদ্ধ মুসল্লিরা এসব খিত্তায় অবস্থান নিয়েছেন।

প্রথম দফার চেয়েও দ্বিতীয় দফা ইজতেমায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন উর রশিদ জানিয়েছেন।

তিনি বলেন, “দেশের বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। এজন্য হরতাল-অবরোধেও ইতোমধ্যে লাখ লাখ মুসল্লি ইজতেমা মাঠে এসে সমবেত হয়েছেন। তারা যতদিন এখানে থাকবেন ততদিন নিরাপত্তা দেওয়া হবে।”

এসপি হারুন বলেন, রিভার পেট্রোল, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরায় পুরো ময়দানের ওপর নজর রাখা হচ্ছে। এছাড়া বাইনোকুলার, হেলিকপ্টার টহল, মেটাল ডিটেক্টর, কন্ট্রোল রুমও স্থাপন করা হয়েছে। পুরো এলাকায় পোশাকে-সাদা পোশাকে পাঁচ স্তরে নিরাপত্তা নজরদারি চলছে। 

মুসল্লিদের যাতে কোথাও গাড়ি থামাতে না হয় এবং সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারেন সেজন্য ট্রাফিক ব্যবস্থায় আগের চেয়েও বেশি মনোযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গাজীপুরের নির্বাহী মেজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম জানান, ইজতেমাস্থল ও আশেপাশের অঞ্চলকে পাঁচ ভাগে ভাগ করে ওইসব অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে।

এসব অঞ্চলে প্রতিদিন দুই পালায় পাঁচটি করে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে গাজীপুর জেলা প্রশাসন।

এদিকে দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে এসে শুক্রবার সকাল পর্যন্ত চার মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। 

এদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-পটুয়াখালীর মো. বিল্লাল হোসেন (৩০), লক্ষীপুর সদরের দীঘলিয়া এলাকার মো. আব্দুল কুদ্দুস (৬০) এবং বগুড়ার শাহজাহানপুরের আব্দুর রহমান (৬৫)।

আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। বয়স আনুমানিক ৬৫ বছর।  

লাশের জিম্মাদার আদম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালীর বিল্লাল মারা যান।  

টঙ্গী হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. মাহবুবুর রহমান চৌধুরী জানান, ইজতেমা ময়দানের টয়লেটে এক মুসল্লি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। রাত পৌনে ৩টার দিকে তাকে টঙ্গী হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিচয় পাওয়া যায়নি।

এর আগে বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কুদ্দুস ও রহমানের মৃত্যু হয়।

এদিকে মাঠে সার্বক্ষণিক বিদ্যুৎ ও পানি সরবরাহ এবং মুসল্লিদের চিকিৎসা সেবা দিতে বিনামূল্যে পর্যাপ্ত মেডিকেল ক্যাম্প স্থাপনসহ টঙ্গীর সরকারি হাসপাতালে বিছানা বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে রোগী স্থানান্তরে রয়েছে সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স। অগ্নিনির্বাপনে থাকছে দমকল বাহনী ।

দ্বিতীয় পর্বে যোগ দিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ভারত, সুদান, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার মুসল্লি ময়দানে সমবেত হয়েছেন।

আয়োজক কমিটির মুরুব্বী মো. গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬০ একরের সুবিশাল ময়দানে জমায়েত সাধারণ মুসল্লিদের রান্না-বান্নার স্থায়ী ব্যবস্থা সম্ভব না হলেও মাঠের পশ্চিম-উত্তর কোণায় বিদেশিদের রান্নার জন্য গ্যাসসহ বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ এবং আধুনিক সুবিধা রয়েছে।

ইজতেমা আয়োজকরা জানান, ১৯৪৬ সালে প্রথম কাকরাইল মসজিদে ইজতেমার আয়োজন শুরু হয়। তারপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজী ক্যাম্পে ও ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়।

এরপর লোকসংখ্যা বেড়ে যাওয়ায় ১৯৬৬ সাল থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বর্তমানস্থলে ইজতেমা হয়। পরে তুরাগ তীরের ১৬০একর জমি স্থায়ীভাবে ইজতেমার জন্য বরাদ্দ দেয় সরকার।