২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনটেইনার থেকে সরানো হল সেই তেজস্ক্রিয় বস্তু

চট্টগ্রাম বন্দরে কনটেইনারের ভেতর থেকে সেই তেজস্ক্রিয় বস্তুটি শেষ পর্যন্ত সরিয়ে নিয়েছে বিশেষজ্ঞ দল, যা নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা চলছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 08:34 PM

Updated : 12 Oct 2022, 03:10 PM

ছোট আকারের ধাতব টুকরোটি শিল্পখাতে ব্যবহৃত কোনো পুরনো যন্ত্রের অংশ বলে সংশ্লিষ্টদের ধারণা। ওই বস্তুটি থেকে রেডিয়াম ও বেরিলিয়াম তেজস্ক্রিয়ার প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা।

দুই দিন চেষ্টার পর বৃহস্পতিবার ধাতব বস্তুটি কনটেইনার থেকে সরিয়ে একটি তেজস্ক্রিয়া নিরোধক বাক্সে  রাখা হয়েছে বলে পরমাণু শক্তি কমিশন চট্টগ্রাম কেন্দ্রের পরিচালক মাসুদ কামাল জানান।

তিনি বলেন, “আমরা বস্তুটি নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছি। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তেজস্ক্রিয়ার কারণে আশেপাশের কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি।”

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) আলমগীর কবির বলেন, “এর মধ্যে দিয়ে নয় মাস ধরে চলমান একটি প্রক্রিয়ার অবসান ঘটল।”

মাসুদ কামাল জানান, বস্তুটি গামা বিকিরণে সক্ষম, যার সক্রিয়তার মাত্রা সাত মিলি কুরি।

কিন্তু প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম না পাওয়ায় সেটি কিসের যন্ত্রাংশ বা কোন দেশ থেকে এসেছে সে বিষয়ে কোনো প্রশ্নেরই উত্তর মেলেনি। 

কমিশনের পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্মকর্তা মোফাজ্জল হায়দার জানান, বাংলাদেশের শিল্প কারখানায় যে ধরনের তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার হয় তার তালিকায় রেডিয়াম বা বেরিলিয়াম নেই।

মাবিয়া স্টিল নামে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ভারতের বিরাজ প্রোফাইলস লিমিটেড নামের একটি কোম্পানির কাছে ১৯ টন ‘স্ক্র্যাপ’ ইস্পাত বিক্রি করছিল, যার মধ্যে এই তেজস্ক্রিয় বস্তুটি পাওয়া যায়।

কনটেইনারে করে এসব স্ক্র্যাপ চট্টগ্রাম বন্দর থেকে কলম্বো হয়ে ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু কলম্বো বন্দরে তেজস্ক্রিয়া শনাক্ত হওয়ায় গত ২৯ এপ্রিল কনটেইনারটি চট্টগ্রামে ফেরত পাঠানো হয়।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরীক্ষাতেও কনটেইনারে তেজস্ক্রিয়ার প্রমাণ পাওয়ায় বাংলাদেশ, শ্রীলংকা ও যুক্তরাষ্ট্রের ২৩ জন বিশেষজ্ঞ মঙ্গলবার কাজ শুরু করেন।

পরীক্ষা করে বুধবার তারা নিশ্চিত হন যে কনটেইনারের পেছনের অংশে ছোট আকারের কোনো বস্তু থেকেই তেজস্ক্রিয় বিকিরন হচ্ছে। 

এরপর বৃহস্পতিবার তারা কনটেইনারটি খুলে তেজস্ক্রিয় বস্তুটি শনাক্ত করেন এবং তা বের করে আনেন।

বন্দরের কর্মদক্ষতার উন্নয়নে যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলমান মেগাপোর্টস প্রকল্পের দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার আহমেদুর রেজা চৌধুরী বলেন, “এটা আমাদের বন্দরের প্রথম ঘটনা। যুক্তরাষ্ট্রের এনার্জি বিভাগের সহায়তায় বাংলাদেশের বিজ্ঞানীরা সফলভাবে এটি শনাক্ত করেছে। এতে আমাদের সক্ষমতা বেড়েছে।”

কিছু প্রক্রিয়া শেষে তেজস্ক্রিয় বস্তুটি সাভারে পরমাণু শক্তি কমিশনের গবেষণাগারে পাঠানো হবে বলে জানান তিনি।

আহমেদুর রেজা বলেন, কনটেইনারটি চট্টগ্রাম বন্দর থেকে যাওয়ার আগে ভারতীয় আমদানিকারক প্রতিষ্ঠানের মনোনীত সার্ভে কোম্পানি ছাড়পত্র দেয়। তখন সড়ক সংস্কারের কাজ চলায় চট্টগ্রাম বন্দরের চার নম্বর গেইটে তেজস্ক্রিয়া শনাক্তকরণ যন্ত্র চালু ছিল না।

“সার্ভে প্রতিষ্ঠান ঠিকভাবে প্রতিবেদন দিলে বিষয়টি এতদূর গড়াত না”, বলেন তিনি।