২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি ভাংচুর করায় ঢাকা কলেজ ছাত্রদল সম্পাদকের কারাদণ্ড

হরতালে গাড়ি ভাংচুর করায় ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 11:29 AM

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গাড়ি ভাংচুরের সময় তাকে হাতেনাতে ধরা হয় বলে ডিএমপির উপকমিশনার মাসুদুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরপর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম নাসরিন সুলতানা ছাত্রদল নেতা শফিকুর রহমানকে তিন মাসের কারাদণ্ড দেয়।

সাধারণ সম্পাদক শফিকুরের সঙ্গে ঢাকা কলেজ ছাত্রদলের সহ বিজ্ঞান সম্পাদক হাবিবুর রহমান ও কর্মী মিজানুর রহমানকেও পুলিশ আটক করে। তাদেরও একই সাজা দেওয়া হয়।

নির্দলীয় সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধের মধ্যে রিয়াজ রহমানের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল ডেকেছিল বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। 

হরতালে সায়েন্স ল্যাবরেটরি এলাকায় একটি গাড়িতে আগুন দেওয়া হয়, বংশালে বোমাবাজির ঘটনা ঘটেছে। ঢাকা থেকে দূরপাল্লার অধিকাংশ বাস না ছাড়লেও লঞ্চ চলাচল প্রায় স্বাভাবিক ছিল।

হরতালে রাজধানীতে যান চলাচলে বিরোধী জোটের নেতা-কর্মীদের পিকেটিং দেখা যায়নি রাজপথে।

বিএনপির নয়া পল্টনের কার্যালয়ে নেতা-কর্মী কেউ ছিলেন না। প্রধান ফটক ভেতর থেকে তালাবদ্ধ ছিল। সকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই কার্যালয়ের আশপাশে অবস্থান নিয়ে ছিল।

গুলশানে নিজের কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও ছিলেন আগের মতোই পুলিশি বেষ্টনিতে।

এর মধ্যেই বেলা ১১টার দিকে ‘দিনমজুর শ্রমজীবী জনতা লীগ’ নামে একটি সংগঠন হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে খালেদার কার্যালয় ঘেরাও করতে গিয়েছিল। তবে পুলিশ তাদের আটকে দেয়।

পুরনো খবর:

হরতাল ‘সফল’, অবরোধ চালিয়ে যান: রিজভী