রাবির সমাবর্তন বর্জনের ঘোষণা বিএনপি-জামায়াত শিক্ষকদের
দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবম সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকরা।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
এর আগে একইভাবে ঘোষণা দিয়ে ২০১২ সালের ৯ ডিসেম্বর অনুষ্ঠিত অষ্টম সমাবর্তন বর্জন করেছিলেন সাদা দল সমর্থিত শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে সাদা দলের আহ্বায়ক শামসুল আলম সরকার লিখিত বক্তব্য পাঠ করেন।
এতে তিনি বলেন, দেশে এখন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। সারা দেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। তাই এমন পরিস্থিতিতে অংশগ্রহণকারী গ্রাজুয়েটদের পক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবর্তনে যোগ দেওয়া নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে।
“তাই গ্রাজুয়েটদের অনিশ্চয়তার কথা চিন্তা করে আমরা আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় নবম সমাবর্তন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সাদা দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনকে অনুষ্ঠানের সময়সূচি পুনর্নির্ধারণ করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি পূর্ব ঘোষিত সময় অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠান আয়োজনে অনড় রয়েছেন।
সাদা দলের চার শতাধিক শিক্ষক এই সমাবর্তন বর্জনের পক্ষে মত দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক আজহার আলী, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক এনামুল হক প্রমুখ।
এর আগে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি, ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশ্রয় এবং দলীয় শিক্ষক দিয়ে সমাবর্তন কমিটি করার অভিযোগ তুলে ২০১২ সালের ৯ ডিসেম্বর অষ্টম সমাবর্তন বর্জন করেছিলেন বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা।
আগামী ১৮ জানুয়ারি নবম সমাবর্তনে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তালাত আহমদ।
