ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের চকরিয়ায় ইট বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও একজন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার বানিয়ারছড়া স্টেশন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
নিহত মোহাম্মদ মোজাম্মেল (৪৫) পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি এলাকার ফয়েজ আহমদের ছেলে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের উদ্ধৃত করে ওসি বলেন, কক্সবাজারগামী ইট বোঝাই একটি ট্রাক বানিয়ারছড়া স্টেশন এলাকায় বিপরীতমুখী ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে এর দুই আরোহী আহত হন।
তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোজাম্মেলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্রাকটি আটক করা হলেও এর চালক পলাতক রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রভাষ।
