মিরপুরে ঝুটপট্টিতে পুড়েছে অর্ধশত ঘর
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশত ঘর।
বুধবার বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা শাহজাদী সুলতানা জানিয়েছেন।
আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি অগ্নিনির্বাপক বাহিনী। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের পরিচালক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে সেখানকার টিনের গুদামগুলো দুমড়ে-মুচড়ে গেছে। তাই কতটি গুদাম পুড়েছে, তা সঠিকভাবে এখনই বলা যাচ্ছে না।”
ঝুট ব্যবসায়ীদের স্থানীয় সংগঠন ‘নব জাগরণ সমবায় সমিতি’র ম্যানেজার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ৭০/৮০ জন ব্যবসায়ীর ৪০/৫০টির মতো টিনের গোডাউন ছিল, সবগুলো পুড়ে গেছে।”
পুড়ে যাওয়া গোডাউনগুলোর মধ্যে সমিতির গুদামটি ছিল সবচেয়ে বড় জানিয়ে তিনি বলেন, ২৭ জন ব্যবসায়ীর কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
“এখন আমরা কী করব, কিভাবে বাঁচব, এই ক্ষতি কিভাবে পূরণ হবে, কার কাছে ক্ষতিপূরণ চাইব,” বলেই কেঁদে ওঠেন জাকির।
দমকল বাহিনীর পরিদর্শক রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে পোড়া জায়গাটির দৈর্ঘ্য প্রায় দেড়শ গজ ও প্রস্থ প্রায় ৭০ গজ।
ওই এলাকার চারপাশে ১৫ ফিট উচু দেয়াল থাকায় আগুন পাশে থাকা বাসাবাড়ি ও অন্যান্য স্থাপনায় পৌছাতে পারেনি। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কম হয়েছে বলেও জানান রুহুল আমিন।
ডিএমপির পল্লবী বিভাগের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, আগুনে হতাহতের কোন খবর নেই।
