২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রাকে অগ্নিসংযোগ

রাজশাহীতে দুইটি ট্রাকে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করেছে অবরোধকারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:46 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর কাজলা ও চারঘাটে খড়ের ট্রাকে আগুন এবং সোনাদিঘী মোড়ে ঝটিকা মিছিল বের করে বেশ কয়েকটি অটোরিকশা ভাংচুর করে তারা।

এসময় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশি নিরাপত্তায় চারটা খড়ের মিটি ট্রাক যাচ্ছিল। সামনে ছিল পুলিশের গাড়ি।

পেছন দিকে ছাত্রশিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে খড়ের ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেয়।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর বোয়ালিয়া থানার ওসি খন্দকার নুর হোসেন বলেন, অবরোধকারীরা সোনাদিঘী মোড় এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে কয়েকটি অটোরিকশা ভাংচুর করে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পুলিশকে লক্ষ্য করে দুইটি হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপ করে।

এসময় পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

চারঘাট থানার ওসি খন্দকার গোলাম মর্ত্তুজা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে খড় বোঝাই করে ট্রাকটি ঈশ্বরদী যাচ্ছিল। ট্রাকটি সারদা এলাকায় পৌঁছলে অবরোধকারীরা পেছন থেকে খড়ে আগুন দেয়। এ অবস্থায় ট্রাকটি বড়াল ব্রিজের উপরে এলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

এ সময় ট্রাক থামিয়ে চালক ও তার সহকারী নেমে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে ট্রাকটি আংশিক এবং সব খড় পুড়ে গেছে বলে জানান ওসি।