২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে গৃহবধূ ‘খুন’

যশোরের শার্শায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 09:12 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

মঙ্গলবার বিকালে উপজেলার বুজতলা গ্রামে স্বামীর বাড়ি থেকে রেশমা খাতুনের (১৭) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।

রেশমা ওই গ্রামের সাগর হোসেনের স্ত্রী।

এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী সাগর হোসেন, শ্বশুর আনিসুর রহমান ও শাশুড়ি কবিতা বেগমকে আটক করা হয়েছে।

রেশমার বাবা নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর আগে সাগরের সঙ্গে রেশমা বিয়ে হয়। বিয়ের পর থেকে রেশমার উপর বিভিন্ন অজুহাতে নির্যাতন করত সাগর।

তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দুপুরে দুজনের মধ্যে ঝগড়া হলে রেশমাকে পিটিয়ে হত্যা করে সাগর। পরে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুঁলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে।

ওসি অপূর্ব হাসান বলেন, রেশমার বাবার মাধ্যমে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়। তার শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।