২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ভাংচুর

চাঁদপুর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বঞ্চিত শিক্ষার্থীরা আসবাবপত্র ভাংচুর করেছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 07:53 PM

Updated : 12 Oct 2022, 03:09 PM

মঙ্গলবার দুপুরে তারা অফিস কক্ষের গ্লাস, আসবাবপত্র ও কয়েকটি ফুলের টব ভাংচুর করে করে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানায়, চলতি বছর চাঁদপুর সরকারি কলেজে ২৫১ জন এইচএসসি পরীক্ষার জন্য নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৫৩ জন দুইটি বিষয়ে অকৃতকার্য হয়। এদের মধ্যে সাতজনকে গোপনে ফরম পূরণের সুযোগ দেয় কলেজ কর্তৃপক্ষ।

এ খবর শুনে বঞ্চিত শিক্ষার্থীরা ফরম পূরণের দাবি জানালে কলেজ কর্তৃপক্ষ তাতে অস্বীকৃতি জানায়। এতে কয়েকজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে কলেজে ভাংচুর করে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, যেই ৭ জনকে সুযোগ দেওয়া হয়েছে তারা নিয়মিত ক্লাশ করত এবং ৬টি বিষয়ে উত্তীর্ণ হয়েছে। এছাড়া তাদের পূর্বের রেকর্ডও ভাল।

অন্যরা অনিয়মিত ছিল এবং ৬টি বিষয়ের মধ্যে তিনটিতে পরীক্ষা দেয় ও দুইটিতে অকৃতকার্য হয়েছে। তাই তাদের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়নি বলে জানান তিনি ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, অধ্যক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো ছাত্রকে আটক করা হয়নি।