শিশু হত্যায় ২ আসামির মৃত্যদণ্ড বহাল
রাজধানীর নয়াটোলায় দুই শিশু হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।
জেল আপিল ও মৃত্যুদণ্ডাদেশের অনুমতির শুনানি করে বিচারপতি শহিদুল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী। আসামিপক্ষে ছিলেন খবির উদ্দিন ভুঁইয়া।
আদেশের পর ভীষ্মদেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত আসামি লিটন ও রঞ্জু সরকারের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছে।
খবির উদ্দিন ভূঁইয়া জানান, ২০০৮ সালের ২৯ এপ্রিল নয়াটোলার পাশাপাশি দুটি বাসার দুই শিশু জুয়েল (১০) ও বিপ্লব (৭) হারিয়ে যায়। দুই দিন পর পাশের একটি পরিত্যক্ত ভবনে তাদের লাশ পাওয়া যায়।
জুয়েলের বাবা আলাল উদ্দিন ১ মে রমনা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। পরের মাসে লিটন ওরফে কসাই লিটন এবং রঞ্জুকে গ্রেপ্তার করে পুলিশ।
আসামিরা অভিযোগ স্বীকারের পর লিটনের বাসা থেকে রক্তমাখা জামা ও রঞ্জুর বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। বিচার শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আসামিদেরকে মৃত্যুদণ্ড দেয়।
আসামিরা ওই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতির জন্য মামলাটি হাই কোর্টে আসে।
শুনানি করে উচ্চ আদালত বিচারিক আদালতের সাজাই বহাল রাখার নির্দেশ দিল।
