তারেককে গ্রেপ্তারে গাইবান্ধায়ও পরোয়ানা
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গাইবান্ধার একটি আদালত।
মঙ্গলবার সদর আমলী আদালতের বিচারক তাসকিনুল হক এ আদেশ দেন।
জেলা ছাত্রলীগ সভাপতি তাহমিদুর রহমান সিজু বাদী হয়ে গত ২৮ ডিসেম্বর মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাভোকেট মো. আনিছুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বিবৃতি প্রদান করেছেন।
এটি বিভিন্ন পত্রিকাসহ গোটা বিশ্বে প্রচারিত হয়েছে।
জাতির জনকের প্রতি অপমানজনক এবং ধৃষ্টতাপূর্ণ কুৎসা রটনার মাধ্যমে গোটা বাঙালি সমাজকে মর্মাহত ও অপমানিত করেছেন তিনি।
তাই অবিলম্বে তারেক রহমানকে বিদেশ থেকে এনে দৃষ্টান্তমূলক শাস্তির জানানো হয় মামলায়।
তিনি বলেন, মামলা দায়েরের পর গাইবান্ধা সদর থানার ওসিকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
সদর থানা তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করলে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
একই অভিযোগে এর আগে দেশের বিভিন্ন স্থানে তারেকের বিরুদ্ধে মামলা হয়, যার মধ্যে অনেকগুলোতে গ্রেপ্তারি পরোয়ানাও হয়।
চিকিৎসার কথা বলে লন্ডন গিয়ে কয়েকবছর ধরে সেখানে অবস্থান করছেন বিএনপির এই সিনিয়র ভাইস চেয়ারম্যান।
