ফরিদপুরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
ফরিদপুরের বোয়ালমারীতে চালককে হত্যা করে একটি ব্যাটারিচালিত ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মো. জালাল শেখ (৩০) ময়না ইউনিয়নের পাঁচ ময়না গ্রামের মোহাম্মদ শেখের ছেলে।
বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আলী জানান, রোববার সকালে উপজেলার বর্ণিচর এলাকা থেকে জালালের লাশ উদ্ধার করা হয়।
আটক ওহিদুল ইসলাম উপজেলার বেলজানি এলাকার কালু সিকদারের ছেলে।
ওসি বলেন, শনিবার রাতে বোয়ালমারী বাজারের ওয়াপদা এলাকা থেকে তিন ব্যক্তি বর্ণিচর যাওয়ার জন্য জালালের ভ্যান ভাড়া নেয়।
“সকালে বর্ণিচর গ্রামের মুখে একটি কালভার্টের পাশে জালালের লাশ পাওয়া যায়। আশপাশে কোথাও তার ভ্যানটি পাওয়া যায়নি।"
কালভার্টের পাশে চালককে হত্যা করে দুর্বৃত্তরা ভ্যানটি ছিনিয়ে নেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
