২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লতিফ সিদ্দিকীর মুক্তি চেয়ে স্ত্রীর উকিল নোটিস

লতিফ সিদ্দিকীকে সাত দিনের মধ্যে মুক্তি দেওয়ার জন্য সরকার ও পুলিশ প্রশাসনকে উকিল নোটিস পাঠিয়েছেন তার স্ত্রী লায়লা সিদ্দিকী।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 01:40 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

তার যুক্তি, যেসব ধারায় এই সংসদ সদস্যের বিরুদ্ধে ধর্মীয় উসকানির মামলা হয়েছে, তাতে সরকারের অনুমোদন প্রয়োজন হলেও এক্ষেত্রে তা নেওয়া হয়নি। তাছাড়া সংবিধান অনুসারে একই অভিযোগে একাধিকবার বিচার করা না গেলেও লতিফের ক্ষেত্রে তাই ঘটছে।

লায়লা সিদ্দিকির পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া রোববার আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপি, কারা মহাপরিদর্শক, ঢাকা জেল সুপার, কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার, ডিএমপি কমিশনার এবং ঢাকার মুখ্য মহানগর হাকিমকে এই নোটিশ পাঠান।

৭৭ বছর বয়সী লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত মহাজোট সরকারে পাট ও বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পালনের পর শেখ হাসিনার বর্তমান সরকারেও তাকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

কিন্তু গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কে হজ নিয়ে মন্তব্যের পর মন্ত্রিসভা থেকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগ থেকেও তাকে বাদ দেওয়া হয়।

নিউ ইয়র্কের ওই অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী বলেন, তিনি হজ ও তাবলিগ জামাতের ঘোর বিরোধী। এতে শ্রমশক্তি ও অর্থের অপচয় হয়। ওই বক্তব্যের জেরে তুমুল সমালোচনা শুরু হলে অন্তত দুই ডজন মামলা হয় তার বিরুদ্ধে।

এসব মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত ২৩ নভেম্বর দেশে ফেরেন লতিফ। পরদিন তিনি আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

এ পর্যন্ত অন্তত দুটি মামলায় তার জামিন নাকচ করেছে ঢাকার হাকিম আদালত। 

লায়লা সিদ্দিকীর নোটিসে বলা হয়, নিউ ইয়র্কের সেই অনুষ্ঠানে লতিফ সেদিন ৩০ মিনিট বক্তব্য দিলেও দেশের গণমাধ্যমগুলোতে দুই মিনিট ১৯ সেকেন্ডের খণ্ডিত অংশ ‘অতিরঞ্জিত ও বিকৃতভাবে’ প্রকাশ করা হয়েছে।

“সেই মিটিংয়ে তিনি মোহাম্মদ (স.) এবং ইসলামের বিরুদ্ধে কিছুই বলেননি। স্থানীয় গণমাধ্যম সত্যতা যাচাই না করেই প্রচার ও প্রকাশ করেছে।”

নোটিসে বলা হয়, যেসব ধারায় লতিফের বিরুদ্ধে মামলা হয়েছে তা করতে হলে আগেই সরকারের অনুমোদন নেওয়ার কথা। সেই অনুমোদন না থাকায় এসব মামলা চলতে পারে না।

সাবেক এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছে মূলত ২৯৫ (ক) ও ২৯৮ ধারায়। দুটি ধারাই জামিনযোগ্য।

দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় অন্যের ধর্ম বিশ্বাসের অমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক কোনো কাজ করলে দুই বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে।

আর দণ্ডবিধির ২৯৮ ধারায় বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে বিদ্বেষমূলক শব্দ উচ্চারণ করলে এক বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে।

উকিল নোটিসে বলা হয়, “সংবিধান অনুসারে এক অভিযোগে একাধিকবার বিচার করা যায় না। কিন্তু তার (লতিফ) বিরুদ্ধে একই অভিযোগে একাধিক মামলা দেওয়া হয়েছে। এমনকি একই বিচারকের কাছে একাধিক মামলা এসেছে, যা তারা আমলেও নিয়েছেন।”

এ অবস্থায় ‘সাংবিধানিক অধিকার’ রক্ষায় লতিফের মুক্তি চেয়েছেন তার স্ত্রী। তা না হলে ‘যথাযথ আইনি পদক্ষেপ’ নেবেন বলে নোটিসে তিনি উল্লেখ করেছেন।