গাজীপুরে সোমবার বিএনপির হরতাল
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হওয়ার পরদিনই গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা, গ্রেপ্তার ও ‘নির্যাতনের’ প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা এই হরতাল ডাকা হয়েছে।
এক প্রশ্নের জবাবে মিলন বলেন, “ইজতেমার মুসল্লিরা রোববারের মধ্যে চলে যাবেন। তাই সোমবারের হরতালে মুসল্লিদের সমস্যা হবে না।”
অবশ্য ইজতেমার মধ্যেই সারাদেশে লাগাতার অবারোধ চালিয়ে যাচ্ছে বিএনপি। অবরোধে দূরপাল্লার বাস না চলায় দূর দূরান্ত থেকে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে মুসল্লিদের ভোগান্তিতে পড়তে হয়।
