২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ বাসে ট্রাকের ধাক্কায় নিহত ২

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে রাজধানীর ফকিরাপুলে পুলিশ বহনকারী একটি বাসে ট্রাকের ধাক্কায় দুই নারী পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও ২৭ নারী সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2015, 08:45 AM

Updated : 12 Oct 2022, 03:09 PM

নিহতরা হলেন-আকলিমা বেগম (২৪) ও মামনি খাতুন (২২)। আকলিমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ আর মামনির বাড়ি দিনাজপুরের পার্বতীপুরে।

সহকারী পুলিশ কমিশনার (কল্যাণ) সৈয়দ মামুন মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৬টার দিকে ফকিরাপুল এলাকায় এ দুর্ঘটনা হয়। ওই বাসে ২৯ জন নারী পুলিশ সদস্য ছিলেন। তাদের সবাই কমবেশি আহত হয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে ফরিদা, লিলি, জেসমিন, সীমা, আলফা, শাহনাজ, লিজা, সোহাগা ও সালমা নামে নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্য ১৮ জনকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতিঝিল থানার এসআই স্বপন সরকার বলেন, অবরোধে রাজধানীর বিভিন্ন স্থানে দায়িত্ব পালনের জন্য ভোরে রাজারবাগ পুলিশ লাইনস থেকে নারী পুলিশ সদস্যদের নিয়ে একটি বাস বের হয়। বাসটি ফকিরাপুল মোড়ে গেলেই মতিঝিল থেকে কাকরাইলের দিকে চলন্ত একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই পুলিশ সদস্য আকলিমার মৃত্যু হয়। গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মামনির মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু দাস জানান।

আহত ফরিদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বাসটি ফকিরাপুল মোড়ে যাওয়ামাত্র নাইটেঙ্গেলের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের বাসের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের বাসটি উল্টে যায়।

নিহত আকলিমা ও মামনি বাসের পেছনের দিকে ছিলেন বলে জানান তিনি।

ঘটনার পরপরই নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হক খান, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঢাকা মেডিকেলে যান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিৎসা ও নিহতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে পুলিশ প্রধান শহীদুল হক জানিয়েছেন।