২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল-অবরোধ বন্ধে আদালতে যাবেন ব্যবসায়ীরা

রাজনীতিকদের কাছে সাড়া না পেয়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি বন্ধে এবার আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছে বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 07:03 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

গত কয়েক দিনের হরতাল-অবরোধ কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্যের অপূরণীয় ক্ষতির কথা জানিয়ে শনিবার এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এই পরিকল্পনার কথা জানান।

২০১৩ সালজুড়ে রাজনৈতিক সংঘাতের সময় সমঝোতার আহ্বান নিয়ে প্রধান দুই রাজনৈতিক নেত্রীর কাছে গিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু তাতে কোনো ফল আসেনি।

২০১৪ সালে নির্বাচনের পর পরিস্থিতি শান্ত গেলেও এই বছরের শুরু থেকে শুরু হয়েছে হরতাল-অবরোধ, যা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল ব্যবসায়ীরা।    

সংবাদ সম্মেলনে কাজী আকরাম বলেন, “এবার আমরা কোনো সমঝোতার উদ্যোগ নেব না। দেশের অর্থনীতি তথা ব্যবসা-বাণিজ্যের ক্ষতি আমাদের নিঃস্ব করে দিচ্ছে। এ অবস্থায় আমরা বসে থাকতে পারি না। আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছি আমরা।

এফবিসিসিআই পরিচালনা পর্ষদের শনিবারের সভায় এই সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা এ বিষয়ে আইন-কানুন ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

মতিঝিলে ফেডারেশন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ সভাপতি হেলাল উদ্দিনসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

এর আগেও বিভিন্ন সময়ে হরতাল-অবরোধসহ সহিংস রাজনীতি বন্ধে মানববন্ধন, সাদা পতাকা মিছিলসহ দুই নেত্রীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছিলেন ব্যবসায়ী নেতারা। কিন্তু তাতেও কোনো ফল পাননি তারা।

Image
অবরোধের মধ্যে শনিবার শাহবাগে পোড়ানো হয় এই বাসটি

অবরোধের মধ্যে শনিবার শাহবাগে পোড়ানো হয় এই বাসটি

এফবিসিসিআই সভাপতি বলেন, হরতাল-অবরোধের কারণে তিনটি খাতের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এই তিনটি হচ্ছে- পরিবহন, উৎপাদন ও পর্যটন।

পরিবহন খাতের অচল হয়ে পড়ার কথা জানিয়ে তিনি বলেন, “দুই লাখের বেশি বাস, ট্রাক, কভার্ড ভ্যান অচল হয়ে আছে। ২০ লাখের বেশি পরিবহন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এই খাতে দৈনিক ২০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে।”

পর্যটন খাতের ক্ষতির কথা তুলে ধরতে গিয়ে কক্সবাজারের ২০০ থেকে ৩০০ হোটেলের পর্যটকশূন্য থাকার কথা জানান এফবিসিসিআই সভাপতি।

“অবরোধ ও হরতালের কারণে এ খাতে দৈনিক দেড় থেকে দুই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। আর এই ক্ষতির সিংহভাগই ব্যবসায়ীদের।”

কৃষি, তৈরি পোশাকসহ অন্যান্য খাতে ক্ষয়ক্ষতির হিসাব তাৎক্ষণিকভাবে দিতে না পারলেও চিত্রটি এসেছে কাজী আকরামের বক্তব্যে।

এই বছর শুরু হয়েছে হরতালের মধ্য দিয়ে। যুদ্ধাপরাধের দায়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ওই হরতাল ডেকেছিল জামায়াতে ইসলামী। এরপর ৬ জানুয়ারি থেকে চলছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ।