পাবনায় দুই প্রতিবেশীর সংঘর্ষে আহত ১০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনা সদরের দ্বিপচর এলাকায় দুই প্রতিবেশী পরিবারের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার এ সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়ি ও দোকানে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আট জনকে গ্রেপ্তার করা হয়।
গুরুতর আহত আব্দুর রহমান (২২), সেলায়মান মিয়া (২৫), আব্দুল করিমসহ (৩০) কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনা সদর থানার ওসি আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বিপচর গ্রামের বাসিন্দা টিংকু ও আব্দুল আজিজ মোল্লার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে সকালে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এর এক পযার্য়ে উভয় পরিবারের অন্য সদস্যরাও সংঘর্ষে জড়ান এবং আশপাশের কয়েকটি বাড়ি, দোকান ভাংচুর এবং অগ্নিসংযোগ করেন।
খবর পাওয়ার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাবের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
