ফেনীতে ট্রাক-কার্ভডভ্যানে আগুন, দগ্ধ ১
অবরোধে ফেনীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন এক ট্রাক চালক।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে অবরোধ সমর্থনকারীরা ২০-২৫টি গাড়ি ভাংচুর করেছে। পুলিশ একজনকে আটক করেছে।
দগ্ধ ট্রাক চালক মোহাম্মদ মোস্তফাকে ফেনী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়ায় একটি ট্রাকে এবং মোহাম্মদ আলী বাজারে একটি কার্ভাডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা অন্তত ৮/১০টি গাড়ি ভাংচুরও করে।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলাম জানান, পরিবহনে আগুনের খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মহাসড়কের লেমুয়ায় পেট্রোল বোমার আগুনে ট্রাক চালক কুমিল্লার দাউদকান্দি এলাকার মোহাম্মদ মোস্তফা অগ্নিদগ্ধ হন।
এদিকে শহরের সেন্ট্রাল হাই স্কুল মোড় ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের গ্রিন টাওয়ারের সামনে অবরোধকারীরা সিএনজি অটোরিকশাসহ ১৪/১৫টি গাড়ি ভাংচুর করেছে।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল হক জানান, নাশকতার চেষ্টা চালানোর অপরাধে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় একজনকে আটক করা হয়েছে।
অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পুলিশ পাহারায় পণ্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যান চালাচল করছে। শহরে রিকসা, সিএনজি অটোরিকশা, টমটম চললেও ভারি যানবাহন চলাচল করেনি।
জেলার সঙ্গে সকল উপজেলার যোগাযোগ বন্ধ ছিল। তবে জেলার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধে শহরের বড় বড় মার্কেটগুলো বন্ধ থাকলেও অনেক দোকানপাট খোলা ছিল।
