২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে পুলিশ-জামায়াত সংঘর্ষ, আটক ৮

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুক্রবার অবরোধের পিকেটিংয়ে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 04:25 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

এদিকে, সদর উপজেলার চন্ডিদাসগাতি এলাকায় অটোরিকশা ভাংচুর করায় এক পিকেটারকে পিটুনি দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। 

উল্লাপাড়া ও সদর উপজেলা থেকে আট জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় অস্ত্র ও হাতবোমা।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে পিকেটিং করার জন্য জামায়াত-শিবিরের ৩০/৪০ জন নেতাকর্মী নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উল্লাপাড়ার শ্রীকোলা মোড়ে অবস্থান নেন।

খবর পেয়ে সেখানে পুলিশ গেলে তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইট ছোড়ে। এক পর্যায়ে পুলিশ ও অবরোধকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।

বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে সোলায়মান ও কিবরিয়াকে আটক করা হয়। সেখান থেকে একটি রামদা, তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়।

এসময় পুলিশের ছোড়া শটগানে জাননুল হুসাইন (২৬) ও আব্দুল বাতেন (৪৮) নামে দুজন আহত হন বলে তিনি জানান। 

এছাড়া সংঘর্ষে তিন পুলিশ কনস্টেবল আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান পুলিশ সদস্য জলিল। 

সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গুলিবিব্ধ জাননুন হুসাইনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।”

এদিকে, আহত আব্দুল বাতেনসহ কয়েকজনকে গোপন স্থানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিবির নেতাকর্মীরা।   

অন্যদিকে, সদর থানা পুলিশ নাশকতার অভিযোগে চার জনকে আটক করেছে। এদের মধ্যে স্থানীয় জনতার মারপিটে আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।     

সদর থানার এসআই বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে চন্ডিদাসগাতি এলাকায় শিয়ালকোল-নলকা সড়কে অটোরিকশা ভাংচুরের সময় স্থানীয় লোকজন গাজীউর রহমান (২৯) নামে এক শিবিরকর্মীকে আটকের পর পিটুনি দেয়।

তাকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়াও নাশকতার অভিযোগে ওই এলাকা থেকে পরে আরও তিন জনকে আটক করা হয়েছে বলে জানান সদর থানার ওসি হাবিবুল ইসলাম।