২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধের মধ্যে মোটরসাইকেল আরোহীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বিএনপির লাগাতার অবরোধের মধ্যে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় এক মোটরসাইকেল আরোহীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 11:39 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

নিহত ইউছুফ আলী (৪২) নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর এলাকার আবদুল হাসিমের ছেলে।

ইউসুফের মোটরসাইকেলে থাকা তার ভাই আবদুল মতিন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে কমলনগরের হাফিজিয়া মাদ্রাসা এলাকায় রামগতি-লক্ষ্মীপুর সড়কে তাদের ওপর হামলা হয়।

তিনি বলেন, রাতে কমলনগর থেকে নোয়াখালীর আন্ডারচরে নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা।

“হাফিজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে রাস্তার ওপর গাছের গুড়ি দেখে মোটরসাইকেলের গতি কমালে পিছন থেকে কে বা কারা লাঠি দিয়ে আঘাত করে। এতে আমরা পড়ে যাই।”

পরে স্থানীয়রা উদ্ধার করে দুই ভাইকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।

ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউসুফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

কমলনগর থানার ওসি কবির আহাম্মদ বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারা দেশে লাগাতার অবরোধের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের দ্বিতীয় দিন বুধবার নোয়াখালীতে পুলিশের সঙ্গে যুবদল কর্মীদের সঙ্গে দুই জন নিহত হন। বৃহস্পতিবারও নোয়াখালীতে পুলিশ ও বিএনপি কর্মীদের সংঘর্ষে ছয় জন গুলিবিদ্ধ হন বলে দলটির নেতারা দাবি করেছেন।