২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে দুর্ঘটনায় চার মুসল্লির মৃত্যু

সাভারের ধামরাইয়ে বাস, ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন, যারা টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 11:02 AM

Updated : 25 Apr 2022, 12:52 PM

শুক্রবার সকালে জয়পুরা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় অন্তত ৩০ বাস যাত্রী আহত হয়েছেন বলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানিয়েছেন।

আহতদের ধামরাইয়ের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের কারো পরিচয় জানা যায়নি। নিহত তিনজন প্রাইভেটকার আরোহী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ঘনকুয়াশার মধ্যে জয়পুরা এলাকায় টঙ্গীর উদ্দেশ্যে নবীনগরমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের পেছন দিক থেকে এগিয়ে আসা একটি ট্রাক তাদের সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন প্রাইভেটকার আরোহী মারা যান।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পরে ধামরাইয়ের একটি হাসপাতালে প্রাইভেটকার আরোহী মারা যান।

ওসি ফিরোজ বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এছাড়া বাস ও ট্রাকও সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

যশোরের ছয় মুসল্লি ওই প্রাইভেটকারে করে টঙ্গীতে শুরু হওয়া ইজতেমায় আসছিলেন।