২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় অপহরণ চেষ্টা, অস্ত্রসহ আটক ৪

নেত্রকোণার কেন্দুয়ায় ভাড়া করা লোক দিয়ে এক ব্যক্তিকে অপহরণকালে এলাকাবাসী অস্ত্রসহ চার জনকে আটক করে পুলিশে দিয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 07:50 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনার সময় দুর্বৃত্তদের সঙ্গে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন, যার মধ্যে একজন গুলিবিদ্ধ রয়েছেন।

এ সময় তাদের মাইক্রোবাসটি জ্বালিয়ে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ একলাছকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

নেত্রকোণার সহকারী পুলিশ সুপার সুরত আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমি নিয়ে চাচা শাহজাহানের সঙ্গে বিরোধ চলছিল সেলিমের। বৃহস্পতিবার সকালে গাজীপুর থেকে ১২ জন যুবক নিয়ে বাড়িতে আসেন তিনি।

এক পর্যায়ে  বেলা সকাল ১১টার দিকে চাচাকে পাশের গ্রাম পেছুন্দরীর রাস্তা থেকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা চালায় তারা।

এ সময় শাহজাহানের চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া দিলে মাইক্রোবাস থেকে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অপহরণকারীরা।

এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হন।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের ধাওয়া করে এবং চারজনকে ধরে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যায় বলে জানান এএসপি সুরত আলম।

পুলিশ কর্মকর্তা আরও জানান, আটক সোহরাব, আমানউল্লাহ, রায়হান ও রবিউল গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। শাহজাহানের ভাতিজা সেলিমও গাজীপুরে পোশাক কারখানায় কাজ করেন।