শিক্ষার মান রক্ষায় ইউজিসিকে তাগিদ রাষ্ট্রপতির
প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার গুণগত মান রক্ষায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে ইউজিসির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের বার্ষিক প্রতিবেদন-২০১৩ তুলে দেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার গুনগত মান নিশ্চিতে ইউজিসিকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান।”
ইউজিসি প্রতিনিধি দল এসময় রাষ্ট্রপতিকে জানান, বর্তমানে বাংলাদেশে ৩৭টি পাবলিক ও ৮০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে ২৬ লাখ শিক্ষার্থী অধ্যায়ন করছে বলেও রাষ্ট্রপতিকে জানানো হয়।
ইউজিসি প্রতিনিধি দল তাদের কিছু সমস্যার কথাও তুলে ধরলে রাষ্ট্রপতি তা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে বেসরকারি সিটি ইউনির্ভাসিটির একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে চেয়ারম্যান মকবুল হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
