২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বাস ভাংচুর, মামলায় বিএনপি নেতাকর্মী

অবরোধে খুলনায় বিআরটিসির দুটি বাস ভাংচুরের পর পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 05:56 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বৃহস্পতিবার সকালে নগরীর পিটিআই মোড়ে এ ঘটনার পর স্থানীয় বিএনপির ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নগরীর পিটিআই মোড় থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা।

মিছিলটি পিটিআই ইনস্টিটিউটের কাছে পৌঁছলে বরিশালগামী দুটি বিআরটিসি বাস ভাংচুর করেন তারা।

এতে বাধা দিলে তারা পুলিশের দিকে হাতবোমা ছোড়েন এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড টিয়ার গ্যাস শেল ও কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানান তিনি।

এ সময় বাসের যাত্রীসহ বেশ কয়েজন আহত হয়েছে বলে দাবি করলেও তাৎক্ষণিকভাবে কারও পরিচয় জানাতে পারেননি ওসি।

তিনি আরও জানান, বাসে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশের দিকে হাতবোমা নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুপুরে সদর থানার এসআই সোহেল রানা বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলায় মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্তজা, ছাত্রদল ও যুবদল মহানগর শাখার সভাপতি আরিফুজ্জামান আরিফ ও শফিকুল আলম তুহিনসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি সুকুমার।