কুষ্টিয়ায় স্কুলভ্যান উল্টে নিহত ১
কুষ্টিয়া সদরে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনের ধাক্কায় স্কুলভ্যান উল্টে এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচ শিক্ষার্থী।
নিহত আকাশ (৭) উপজেলার পাটিকাবাড়ি বঙ্গবন্ধু কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্র এবং মিরপুর উপজেলার হালসা ইউনিয়নের মাঝিলা গ্রামের আসাদুলের ছেলে।
পাটিকাবাড়ী ফাঁড়ির এসআই মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভ্যান চালক ছালামকে উদ্ধৃত করে এসআই জানান, স্কুল ছুটি হলে শিক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য স্কুলভ্যানে উঠে বসেছিল। এ সময় দাঁড়িয়ে থাকা ওই স্কুলভ্যানে পেছন থেকে দ্রুতগামী একটি নছিমন ধাক্কা দিলে সেটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় আকাশ।
আহত পাঁচ শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নসিমন চালক পলাতক রয়েছে বলে জানান এসআই মিজানুর।
