২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা অসুস্থতার ভান করছেন: নাসিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘অসুস্থতার ভান’ করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2015, 03:01 PM

Updated : 26 Jul 2022, 11:54 AM

‘সত্যিকার অসুস্থ’ হয়ে তাকে বললে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে চিকিৎসক পাঠিয়ে খালেদা জিয়াকে সুস্থ করার ব্যবস্থা করবেন-বলেছেন তিনি।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার জেলার সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব বলেন।

নাসিম বলেন, “খালেদা জিয়া অসুস্থতার ভাব করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কথা দিচ্ছি- যদি তিনি আসলেই অসুস্থ হয়ে থাকেন, তিনি আমাকে বললে, তাকে সুস্থ করতে যত ডাক্তার লাগে আমি ডাক্তার পাঠিয়ে তাকে সুস্থ করার ব্যবস্থা করব।”

“তবে অসুস্থতার নামে ভান করবেন না,” বিএনপি নেত্রীর উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

গত সোমবার বিকালে বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে গুলশানের কার্যালয় থেকে বেরোতে চেষ্টা করেন খালেদা জিয়া। এ সময় মহিলা দলের নেত্রীরা বিক্ষোভ করলে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।

খালেদা জিয়া ওই সময় গাড়িতে থাকলেও পরে গাড়ি থেকে নেমে বক্তব্য দেওয়ার সময় তাকে বেশ কয়েকবার নাক-চোখ মুছতে দেখা যায়।

এরপর থেকে খালেদা জিয়া শ্বাসকষ্টের পাশাপাশি কাশি ও সর্দিসহ কিছু জটিলতায় ভুগছেন বলে বিএনপি নেতারা বলছেন। কয়েক দফায় কার্যালয়ে গিয়ে তাকে দেখে এসেছেন চিকিৎসকরা।

চিকিৎসকদের পরামর্শে খালেদা নেবুলাইজার নিচ্ছেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন।

খালেদা জিয়ার আন্দোলনের ডাকে সাড়া মিলছে না দাবি করে মোহাম্মদ নাসিম বলেন,  “যুদ্ধক্ষেত্রে যখন সেনাবাহিনী প্রধান মাঠে নামে তখন ভাববেন ওই বাহিনীর পতন অনিবার্য। খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন।

“অথচ তার নেতাকর্মীরা তার ডাকে সাড়া না দেয়ায় তিনি (খালেদা) নিজেই এখন মাঠে নেমে আবোল-তাবোল কথাবার্তা বলছেন।”

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান,  পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম,  বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলকসহ দলের নেতারা উপস্থিত রয়েছেন।