বিএসএফ সদস্যের ফাঁসি দেখতে চান ফেলানীর বাবা
মেয়ের হত্যার ঘটনায় সুবিচার পাওয়ার আশা করছেন ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে চার বছর আগে নিহত ফেলানীর বাবা। তার চাওয়া একটাই, বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি।
ফেলানী হত্যার চতুর্থ বার্ষিকীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিজের চাওয়ার কথা জানান কুড়িগ্রামের নুরুল ইসলাম নুরু।
২০১১ সালের ৭ জানুয়ারি ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কিশোরী ফেলানী।
তার মৃত্যুর দিনটিতে বুধবার পারিবারিকভাবে আয়োজন করা হয় মিলাদ মাহফিলের।
এছাড়া ‘আলোর আশা পাঠশালা’ নামের স্থানীয় একটি সংগঠন সীমান্ত হত্যা প্রতিরোধ দিবস ঘোষণার দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন, মানববন্ধন ও আলোচনা সভা করে।
অনেকটা আক্ষেপ করে নুরুল ইসলাম জানান, নিজেদের সামর্থ্যের বিবেচনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সরকারিভাবে কোনো খোঁজ-খবরও নেওয়া হয়নি।
ফেলানী হত্যার পুনর্বিচারে সম্প্রতি ভারতে গিয়ে বিএসএফের আদালতে সাক্ষ্য দিয়ে এসেছেন নুরুল।
“আমার একটাই প্রত্যাশা, ফেলানীকে হত্যাকারী বিএসএফ সদস্য অমিয় ঘোষের ফাঁসি।”
২০১১ সালে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর লাশ দীর্ঘ সময় কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল, যা প্রকাশ হওয়ার পর বিশ্বময় নিন্দার ঝড় ওঠে।
মানবাধিকার সংগঠনগুলোর বারবার তাগিদের মধ্যে বিএসএফ এই হত্যার বিচারের উদ্যোগ নেয়। তবে ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর দেওয়া রায়ে বেকসুর খালাস পান অমিয় ঘোষ।
ওই রায় প্রত্যাখ্যান করে ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করে ঢাকায় ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করেন ফেলানীর বাবা।
এরপর এখন পুনর্বিচার চলছে, তবে এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে নুরুলের।
“অনেক আবেদন-নিবেদনের পর পুনর্বিচার শুরু হলেও সাক্ষ্য নিয়েও টালবাহানা করেছে। তুচ্ছ কারণ দেখিয়ে দ্বিতীয় দফায় দীর্ঘদিনের জন্য আদালত মুলতবি করেছে।”
নুরুলের সঙ্গে ভারতে যাওয়া কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন বলেন, বিএসএফের হাবিলদার অমিয় ঘোষ আত্মস্বীকৃত খুনি এবং ইতোপূর্বে দেওয়া তথ্য-উপাত্ত এবং সাক্ষ্য সবকিছুই ন্যায়বিচার পাবার অনুকূলে।
সবশেষ গত ২০ নভেম্বর মুলতবি হয়ে যাওয়া আদালতের বিচারিক কার্যক্রম আগামী ২৫ মার্চ শুরু হবে বলে জানান আব্রাহাম লিংকন।
